হবিগঞ্জের সাতছড়ী জাতীয় উদ্যানের চুরি হওয়া সেগুন গাছের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় দৈনিক কালবেলা’র মাধবপুর প্রতিনিধি মুজাহিদ মুসি বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি হত্যা চেষ্টার অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুর দেড়টায় মুজাহিদ মুসি ও দৈনিক বাংলা টাইমস এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি ত্রিপুরারী দেবনাথ সাতছড়ী জাতীয় উদ্যানের রেঞ্জ অফিস সংলগ্ন পুকুর পাড়ে ছবি তোলার সময় হামলার শিকার হন। তারা ৪টি বড় আকারের সেগুন গাছ (আনুমানিক মূল্য ১৮,০০,০০০ টাকা) কেটে পাচার হয়েছে এমন সংবাদ পেয়ে তথ্য সংগ্রহ করছিলেন।
সেই সময়ে সাতছড়ী রেঞ্জের বিট অফিসার মামুনুর রশীদ (৫০) ও জুনিয়র ওয়াইল্ড স্কাউট নূর মোহাম্মদ (৪২) অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্র ব্যবহার করে সাংবাদিকদের উপর আক্রমণ চালান। এক পর্যায়ে মামুনুর রশীদ মুজাহিদ মুসিকে ধরে রাখেন এবং নূর মোহাম্মদ রড দিয়ে মুজাহিদ মসির মাথা লক্ষ্য করে আঘাত করে। এতে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল ও তর্জনী আঙ্গুলের মধ্যে অংশে রক্তাক্ত জখম হয়।
হামলাকারীরা ত্রিপুরারী দেবনাথের হাতে থাকা একটি ক্যামেরা (আনুমানিক মূল্য ৭০,০০০ টাকা) এবং নগদ ২,৬০০ টাকা সহ একটি মানিব্যাগ নিয়ে যায়। অভিযোগকৃত রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশীদকে ফোনে যোগাযোগ করা হলেও নাম্বার বন্ধ পাওয়া গেছে।
সিলেট বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মো: আবুল কালাম বলেন, “সাংবাদিকদের উপর হামলা করা ঠিক হয়নি। বিষয়টি দুঃখজনক। তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূর আলম জানান, “এবিষয়ে একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।”