হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের সেগুন গাছ চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বন অধিশাখা) শামিমা বেগম।
গতকাল রবিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং এসময় গাছ চুরির ঘটনায় হামলার শিকার দৈনিক কালবেলা’র প্রতিনিধি মোজাহিদ মুশি ও দৈনিক বাংলা টাইমসের জেলা প্রতিনিধি ত্রিপুরারী দেবনাথ তিপুর সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান, চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, সহকারী বন সংরক্ষক জামিল হোসেনসহ প্রশাসন ও বন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে যুগ্ম সচিব শামিমা বেগম উপস্থিত সাংবাদিকদের বলেন, “সেগুন গাছ চুরি ও সাংবাদিকদের উপর হামলার বিষয়টি আমরা গুরুত্বসহকারে নিয়েছি। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।”