হবিগঞ্জের সীমান্ত এলাকা থেকে প্রায় ৭৪ লাখ ২৩ হাজার ৬০০ টাকার ভারতীয় চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৫৫ বিজিবির বিশেষ টহল দল মঙ্গলবার ভোরে মাধবপুর উপজেলার সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান আটক করে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, জিলেট ব্লেড ও কাবেরী মেহেদী পাওয়া যায়। এসব চোরাচালান পণ্যের বাজারমূল্য প্রায় ৬৯ লাখ ৮০ হাজার ৮০০ টাকা।
এছাড়া হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিজিবি সদস্যরা ৩৫ কেজি ভারতীয় গাঁজা, ৫০ বোতল ইস্কফ সিরাপ, ভারতীয় চিনি, সেগুন কাঠ, আতশবাজি, মশার কয়েল, ফুচকা, বাইসাইকেল ও দেশীয় রাবার জব্দ করে। এসব পণ্যের মূল্য ধরা হয়েছে প্রায় ৪ লাখ ৪২ হাজার ৬০০ টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জব্দকৃত সব পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হচ্ছে।”
উল্লেখ্য, গত আগস্ট মাসে পরিচালিত একাধিক অভিযানে ৫৫ বিজিবি প্রায় ২ কোটি ৬৯ লাখ টাকার বিভিন্ন মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছিল।