মাধবপুরে সাপের কামড়ে সৌরভ দেবনাথ (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সৌরভ সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং সুবিদপুর গ্রামের সুভেন দেবনাথের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার পর খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে বিষধর সাপ সৌরভকে কামড়ে দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা কোনো চিকিৎসা না দিয়ে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার পর মাত্র পাঁচ মিনিট চিকিৎসা দেওয়ার পরই শিশুটি মারা যায়।
শিশুর পিতা সুভেন দেবনাথ অভিযোগ করে বলেন, “আমার বাচ্চাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শুধু দেখে কোনো চিকিৎসা না দিয়ে অন্য হাসপাতালে পাঠিয়ে দেন। যদি তখনই সঠিক চিকিৎসা দেওয়া হতো, হয়তো আমার ছেলেটা বাঁচতো।”
প্রতিবেশী সমিরন দেবনাথও অভিযোগ করে বলেন, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা সাপে কাটা শনাক্ত করতেই ব্যর্থ হন এবং সরাসরি রেফার্ড করে দেন।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা চিকিৎসকদের অবহেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযথ চিকিৎসা না থাকায় প্রায়ই এমন ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন, “সাপে কাটার প্রতিষেধক ভ্যাকসিন স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। তবে রোগীর অবস্থা অনুযায়ী দেওয়া হয়। ঘটনাটি রাতের, তাই ইমার্জেন্সি থেকে জেনে বিস্তারিত বলতে পারব।”
বর্ষা মৌসুমে এলাকায় সাপের উপদ্রব বাড়ায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি পূরণের দাবি তুলেছে এলাকাবাসী।