নবীগঞ্জ উপজেলায় ভুয়া চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে কাজল নাথ নামে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপজেলার দেবনাথ মেডিকেল সার্ভিস নামে একটি চেম্বারে রোগী দেখারত অবস্থায় তাকে আটক করা হয়।
অভিযানে চিকিৎসক না হয়েও রোগী দেখা, ভুয়া আল্ট্রাসনো করা এবং রিপোর্টে স্বাক্ষর দিচ্ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। তবে তিনি কোনো চিকিৎসক হিসেবে বৈধ সনদপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্বাস্থ্যসেবার নামে জনগণের জীবনহানির আশঙ্কাজনিত অভিযোগে মোবাইল কোর্ট তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
সাজাপ্রাপ্ত কাজল নাথ নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকার প্রেমানন্দ নাথের ছেলে। উল্লেখযোগ্য বিষয় হলো, অতীতেও তিনি ভুয়া ডাক্তার পরিচয়ে ধরা পড়ে জেল-জরিমানা ভোগ করেছেন।
অভিযান পরিচালনার সময় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ কামরুজ্জামান, মেডিকেল অফিসার ডা. রাশেদ খান ও স্যানিটারি অফিসার আমজাদ হোসেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।