বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার এলাকায় একাধিক পরিণত কাঠাল গাছ কেটে ফেলা হয়েছে। হঠাৎ সরকারি প্রতিষ্ঠানের ভেতরে ফলদ গাছ নিধনের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, এসব গাছ বহু বছর ধরে এলাকার মানুষকে ফল ও ছায়া দিয়ে আসছিল। গাছ কেটে ফেলার ফলে পরিবেশ ক্ষতির পাশাপাশি উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ হেল মারুফ ফারুকী জানান, কোয়ার্টার মসজিদ কমিটি অনুমতি ছাড়াই গাছগুলো কেটেছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত হয়েছেন এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছেন। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
পরিবেশ সচেতন মহল বলছে, সরকারি প্রতিষ্ঠানের ভেতরে অনুমতি ছাড়া ফলদ গাছ কেটে ফেলা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের চিহ্নিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।