মাধবপুরে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান নিশান সোসাইটির গ্রাহকরা বকেয়া টাকা ফেরতের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন। গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে তেলিয়াপাড়া এলাকায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে দুপুরে জগদীশপুর তেমুনিয়া মুক্তিযোদ্ধা চত্বরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তারা। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গ্রাহকরা অভিযোগ করেন, প্রতি লাখে মাসে ২-৩ হাজার টাকা লাভের প্রলোভন দেখিয়ে নিশান সোসাইটি সাধারণ মানুষের কাছ থেকে প্রায় দেড়শ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। টাকা ফেরতের দাবিতে চাপ আসতে শুরু করলে প্রতিষ্ঠানটির পরিচালক সায়েম ও সালমান, চেয়ারম্যান বেলাল-আমেনা এবং সর্বশেষ এমডি জালাল উদ্দিন গোপনে আত্মগোপনে চলে যান।
অভিযোগকারীদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, জমি বিক্রি করে এখানে বিনিয়োগ করেছিলেন, আবার কারও পরিবারের সদস্য টাকা ফেরত না পেয়ে মানসিক কষ্টে মারা গেছেন। গ্রাহকরা সরকারের প্রতি দাবি জানিয়েছেন— নিশান সোসাইটির সম্পত্তি বাজেয়াপ্ত করে টাকা ফেরতের ব্যবস্থা করা হোক।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যাহ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গ্রাহকদের আইনগত পথে সমাধান খুঁজতে হবে, মহাসড়ক অবরোধ করে সমস্যার সমাধান হবে না।