হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগানে বিয়ের দাওয়াতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৪ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত শিশুরা হলেন, উপজেলার রামগঙ্গা গ্রামের সেলিম মিয়ার মেয়ে মোছকান (১৩), সাজিদ মিয়ার মেয়ে শামিমা (১২) ও মজিদ মিয়ার মেয়ে ছানিয়া (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, চাচাতো ভাই শাহ আলমের বাড়িতে পরিবারের সাথে বিয়েতে আসেন তিন শিশু। এমতাবস্থায় দুপুর থেকে তারা নিখোঁজ হয়ে যায়। বিভিন্ন জায়গা খোঁজাখুঁজির পর বাগানের একটি ডোবার জলাশয়ে তিন শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, চা বাগান এলাকার ডোবা-জলাশয়গুলোতে সুরক্ষা ব্যবস্থা নেই। ফলে প্রায়ই ঘটছে এমন দুর্ঘটনা। এতে দ্রুত সুরক্ষা নিশ্চিতের দাবী জানিয়েছেন এলাকাবাসী।