শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় টিকিট কালোবাজারির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
গ্রেফতারকৃতরা হলো শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের আব্দুল নূরের পুত্র মো. সোহেল মিয়া (৩৩), দাউদনগর এলাকার সাঈদ আলীর পুত্র এনাম মিয়া (৩৪) ও বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত জুনায়েদ মিয়ার পুত্র মো. জলিল সরদার (৪০)।
র্যাব জানায়, সম্প্রতি শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দালালদের দৌরাত্যে সাধারণ যাত্রীরা নিয়মিত টিকিট না পেয়ে হয়রানির শিকার হচ্ছিলেন। অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত মূল্যে দালালদের কাছ থেকে টিকিট কিনতে বাধ্য হন। এসব অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৯ এ বিষয়ে তদন্ত শুরু করে এবং গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন ট্রেনের ৭ শতাধিক টিকিটসহ তিনজনকে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যেক আসামিকে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯”-এর ৪০ ধারায় ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫শ টাকা করে মোট ১৫শ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযান শেষে দণ্ডপ্রাপ্তদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, “রেলওয়ে স্টেশনসহ জনস্বার্থ সংশ্লিষ্ট স্থানে দালালচক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র?্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে।”