জুলাই গণ-অভ্যুত্থানের সামনের সারিতে থাকা নবীগঞ্জ উপজেলার তরুণ সংগঠক দুর্জয় দাশ গুপ্ত এবার রাজনীতির মাঠে আনুষ্ঠানিকভাবে নাম লেখাতে পারেন। তিনি হবিগঞ্জ-১ আসন (নবীগঞ্জ-বাহুবল) থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মনোনয়ন পেতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সম্প্রতি দুর্জয় দাশ গুপ্ত এনসিপিতে যোগ দেন। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন চলছে- আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির ব্যানারে হবিগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি।
‘দ্যা রেড জুলাই’ হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দুর্জয় দাশ গুপ্ত। তিনি ইতিমধ্যে তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, “আমি হবিগঞ্জ-১ আসন থেকে এনসিপির মনোনয়ন প্রত্যাশী। দল যদি চায়, আমি নবীগঞ্জ-বাহুবল থেকে নির্বাচন করব।”
সূত্রে আরও জানা গেছে, দুর্জয় সম্প্রতি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়, ঢাকায় গিয়ে দলীয় নমিনেশন ফরম সংগ্রহ করবেন। স্থানীয় রাজনীতিতে নতুন প্রজন্মের নেতৃত্ব হিসেবে তার প্রার্থিতা নিয়ে এলাকায় আলোচনা চলছে।