জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের সদয় নির্দেশনা এবং রিটার্নিং কর্মকর্তার গণবিজ্ঞপ্তির আলোকে নবীগঞ্জ উপজেলায় নির্বাচন আচরণবিধি বাস্তবায়নে মাঠ পর্যায়ে তৎপরতা চালিয়েছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে গতকাল রবিবার নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং নবীগঞ্জ পৌরসভার সহযোগিতায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখা এবং আচরণবিধি লঙ্ঘন রোধে প্রশাসনের দৃশ্যমান ভূমিকা লক্ষ্য করা যায়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল রাজনৈতিক দল, প্রার্থী ও সংশ্লিষ্টদের প্রতি নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি-বিধান মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।