সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে একদল চক্রের বিরুদ্ধে।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে এক্সেভেটর মেশিন বসিয়ে উর্বর কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে করে জমির উৎপাদনশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যতে চাষাবাদ অনিশ্চয়তার মুখে পড়ছে।
স্থানীয় কৃষকরা জানান, জমির উপরিভাগের উর্বর মাটি সরিয়ে নেওয়ায় ধানসহ মৌসুমি ফসল আবাদে বিঘ্ন ঘটছে। অনেক জমিতে ইতোমধ্যে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, যা বৃষ্টির পানিতে ভরে জলাবদ্ধতারও আশঙ্কা তৈরি করেছে।
এ অবস্থায় গতকাল ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে একটি এক্সেভেটর মেশিন ও ট্রাক্টর জব্দ করে। তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত মাটিখেকোরা পালিয়ে যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দকৃত যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে স্থানীয় সচেতন মহল দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলছেন, অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ না হলে কৃষি উৎপাদনে দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়বে এবং পরিবেশেরও মারাত্মক ক্ষতি হবে।