হবিগঞ্জের মাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪ লাখ টাকা।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি অভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয়।
ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে ট্রাকটি থামান। পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকে থাকা পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত কৌশলে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস লুকিয়ে রাখা হয়েছে। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা অবৈধ পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।