বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় হবিগঞ্জের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৯ জুন) হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ এ কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে তিনি হবিগঞ্জ দারুচ্ছুন্নাত কামিল এমএ মাদ্রাসা, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বিকেজিসি সরকারি বালিকা বিদ্যালয় এবং জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল অ্যান্ড কলেজে চারা রোপণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন।
জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর পরিচর্যা নিশ্চিত করতে হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে হবিগঞ্জ জেলা প্রশাসন ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
কর্মসূচিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।