হবিগঞ্জের চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ উবাহাটা এলাকায় অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে স্থানীয় এলাকাবাসী তাদের আটক করেন। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোছা. জনু আক্তার ওরফে জানু। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে নিজ বাসাসহ নতুনব্রিজ এলাকার বিভিন্ন ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপ ও মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। আটক অন্যদের মধ্যে আরও দুই নারী ও একজন পুরুষ রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা নিয়ে অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার গভীর রাতে এলাকাবাসী অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
এলাকাবাসীর দাবি, এ চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। সামাজিক পরিবেশ রক্ষা এবং মাদক নির্মূলে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।