হবিগঞ্জের নবীগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীর ভূমি দখলের পাঁয়তারার অভিযোগে ভূমি প্রতিরোধ আইনের মামলায় হাজিরা দিতে গেলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ কর্মীসহ দুই সহোদরকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত।
তারা হলেন, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরিজপুর গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে আওয়ামীলীগ কর্মী মো. আলী হোসেন (৪৫) ও মো. নুর হোসেন (৪০)।
২৮ জুলাই মঙ্গলবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৫, হবিগঞ্জ এ তারা হাজির হলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান। এদিকে আওয়ামীলীগ কর্মী আলী হোসেন জুলাই বিপ্লবের পর থেকে নিজেকে বিএনপির লোক বলে এলাকায় পরিচয় দেন বলে জানা গেছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দক্ষিণ গ্রাম এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আদিল হোসেন গং এর মালিকানাধীন ইলিমপুর মৌজার আর এস ও নামজারী দাগ নং- ৫৭০ এ দেড় শতাংশ ভূমি জোর পূর্বক অবৈধভাবে দখল করে যুক্তরাজ্য প্রবাসী ছানু মিয়ার বাড়ির রাস্তা করে দিতে স্থানীয় আওয়ামীলীগ কর্মী মো. আলী হোসেন (৪৫) ও তার ভাই মো. নূর হোসেন (৪০) উঠে পড়ে লাগেন। এ নিয়ে উভয় পক্ষে দীর্ঘ ১০/১২ বছর মামলা মোকদ্দমা চলার পর বিষয়টি আপোষে নিস্পত্তি হয়। আপোষে নিস্পত্তি হওয়ার পর ২০২৫ সালের দিকে এ জমিটি দখলে নিতে আলী হোসেন গংরা আবার পাঁয়তারা শুরু করেন এবং হবিগঞ্জ এডিএম কোর্টে পর পর দু’টি মিথ্যা মামলা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আদিল হোসেনের বোন মোছাঃ ডলি হোসাইন বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৫, হবিগঞ্জ এ একটি মামলা (নং-সিআর-৩০৫/২০২৬) দায়ের করেন। মঙ্গলবার সকালে এ মামলায় হাজিরা দিতে গেলে বিঞ্জ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
মামলার বাদী মোছাঃ ডলি হোসাইন বলেন, এ জমিটি আমাদের পারিবারিক মৌরসী সম্পত্তি। প্রবাসী ছানু মিয়া গ্যাস ফিল্ডের কাছে তার বাড়ির রাস্তার ৩শতক ভূমি বিক্রি করে টাকা উত্তোলন করেন। এখন বাড়ির সামন দিকে রাস্তা করতে আমাদের মৌরসী ভূমি তার চাচাতো ভাই আলী হোসেন গংদের দিয়ে দখল করাতে চান এবং এডিএম কোর্টে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছেন। অথচ তাদের বাড়ির পেছন দিকে সুপ্রশ্বস্থ রাস্তা রয়েছে। আমরা আদালতে মামলা করলে বিঞ্জ আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছেন।
ভূমির মালিক আদিল হোসেন বলেন, আমার মৌরসি জায়গার উপর পাকা ঘর রয়েছে। আলী গংরা আমার ঘর ভেঙে তার চাচাতো ভাইয়ের বাড়ির রাস্তা করতে চায়। আমরা তাই আইনের দ্বারস্থ হয়েছি।
বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট ছাদিকুর রহমান বলেন, বিবাদী পক্ষ ভূমি দখল করতে এডিএম কোর্টে অযথা মামলা দিয়ে হয়রানি করেন। বাদী পক্ষ আদালতে ভূমি প্রতিরোধ আইনে মামলা করলে বিজ্ঞ আদালত আসামিদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।