আজমিরীগঞ্জে পৌনে এক কোটি টাকা ব্যয়ে টান বাজার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে গত মঙ্গলবার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব আজমিরীগঞ্জ শাখার সভাপতি মো. শিবলু রহমান ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মাসুদ। অভিযোগের অনুলিপি বিভিন্ন দপ্তরেও প্রেরণ করা হয়েছে।
অভিযোগে কলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে আজমিরীগঞ্জ টানবাজার ও লালমিয়া বাজারের একটি অংশ সংস্কারের উদ্যোগ নেয় সরকার। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৭২ লাখ টাকা, যেখানে অর্থায়ন করছে বিশ্বব্যাংক। কাজের দায়িত্ব পায় কিশোরগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান লিলি এন্ড কোং, তদারকি ও বাস্তবায়নের দায়িত্বে রয়েছে আজমিরীগঞ্জ পৌরসভা।
কিন্তু অভিযোগ রয়েছে, মূল ঠিকাদারের পরিবর্তে স্থানীয় কিছু ঠিকাদারের মাধ্যমে কাজ করানো হচ্ছে। শুরুতে নামমাত্র চিকপাথর ব্যবহার করা হলেও পরবর্তীতে তা আর প্রয়োগ করা হয়নি। পাশাপাশি নিম্নমানের রড, মরাপাথর মেশানো বালু, নিম্নমানের সিমেন্ট ব্যবহারের অভিযোগ রয়েছে। ঢালাই ৬ ইঞ্চি হওয়ার কথা থাকলেও অনেক জায়গায় তা কম দেওয়া হয়েছে। বালু ও পাথরের পরিমাণ বেশি, সিমেন্টের পরিমাণ কম রাখা হয়েছে। রড বাঁধার গ্যাপও নিয়ম বহির্ভূতভাবে রাখা হয়েছে। ফলে ঢালাইয়ের কাজ হয়েছে অসম ও এবড়োখেবড়ো, কোথাও উঁচু আবার কোথাও নিচু।
এছাড়া শুরুতে বাধ্যতামূলক সাইনবোর্ড টানানোর নিয়ম থাকলেও কাজ প্রায় শেষের পথে এসে তা লাগানো হয়নি। ফলে এলাকাবাসীকে অন্ধকারে রেখে নিম্নমানের কাজ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের আশঙ্কা, নিম্নমানের এসব কাজের কারণে সড়কটি অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়বে। এতে বিপুল অর্থের লুটপাট ও অপচয়ের পাশাপাশি জনভোগান্তি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
Designed by: Sylhet Host BD