বাহুবল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে প্রাথমিক সমাপনী পরীক্ষাসহ নিয়মিত একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পরীক্ষাগ্রহণ বর্জন করায় অভিভাবকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি দ্রুত প্রজ্ঞাপন আকারে বাস্তবায়নের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা বক্তব্য রাখেন।
শিক্ষক নেতৃবৃন্দ জানান, দাবির বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন না এবং সমাপনী পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নসহ কোনো ধরনের পরীক্ষা কার্যক্রমে যুক্ত হবেন না। তাদের দাবি, দীর্ঘদিনের অসমতা ও কাঠামোগত সমস্যা দূর করতেই তারা আন্দোলনে নেমেছেন।
এদিকে আন্দোলনের কারণে পরীক্ষায় বিঘ্ন ঘটায় অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সন্তানদের পড়াশোনা অনিশ্চয়তায় পড়ায় উদ্বেগে রয়েছেন।
অনেক অভিভাবক জানান, শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন ব্যাহত হলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। কেউ কেউ মনে করেন, শিক্ষকরা পরে কর্মস্থলে ফিরতে চাইলে অভিভাবক ও স্থানীয়দের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা সৃষ্টি করছে।
স্থানীয়রা আশা করছেন, দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে, যাতে কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে স্বাভাবিকভাবে ফিরে যেতে পারে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply