সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বাহুবল উপজেলায় স্বস্তিপুর আশ্রয়ন কেন্দ্র ও পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তিনি বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের স্বস্তিপুর আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় আশ্রয়ন কেন্দ্রের সার্বিক অবস্থা, সুযোগ-সুবিধা ও বাসিন্দাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। সেখানে তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
বেলা দেড়টার দিকে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বাহুবল উপজেলা পরিষদে পৌঁছালে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার লিটন চন্দ্র দে জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরবর্তীতে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, উপজেলা নির্বাহী অফিসার লিটন চন্দ্র দে, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী, কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু, মৎস্য কর্মকর্তা সামিউন আসিফ, জনস্বাস্থ্য প্রকৌশলী রোমন রায়, নির্বাচন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা এবং বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি সরকারি সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply