হবিগঞ্জের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত বিপুল পরিমাণ জিরা উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জের পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুনের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হবিগঞ্জ সদর মডেল থানাধীন লস্করপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের রেলক্রসিং সংলগ্ন স্থান থেকে ৯৪টি বস্তায় মোট ২ হাজার ৮২০ কেজি অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় জিরা জব্দ করা হয়। এ সময় জিরা বহনকারী একজনকে আটক করে পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম মোঃ হাবিবুর রহমান (৫৫)। তিনি নওগাঁ জেলার ফতেপুর গ্রামের হাসান আলীর ছেলে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাসান জানান, অবৈধ পণ্য আমদানি ও চোরাচালান প্রতিরোধে জেলা পুলিশের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply