
দৈনিক সিলেটের সংবাদ পত্রিকায় ২ আগস্ট প্রকাশিত ‘নবীগঞ্জে ডেভিল খালিছ বাহিনীর তাণ্ডব, অতিষ্ঠ এলাকাবাসী, জমি দখল ও নির্যাতনের অভিযোগ’ শিরোনামের সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বনগাঁও গ্রামের বাসিন্দা খালিছ মিয়া। তিনি দাবি করেছেন, সংবাদে প্রকাশিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রতিবাদলিপিতে খালিছ মিয়া বলেন, তিনি একজন সাধারণ কৃষক এবং কোনো রাজনৈতিক দলের কর্মী বা পদধারী নন। তাকে ‘ডেভিল খালিছ’ বা কোনো বাহিনীর প্রধান হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। সংবাদে তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, রাজনৈতিক নির্যাতন ও আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করার যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো সত্যতা নেই বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, বনগাঁও এলাকার একটি জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২০১৩ সাল থেকে ইংল্যান্ড প্রবাসী রাবিয়া বেগম ও অপর পক্ষের কয়েকজনের সঙ্গে দেওয়ানি বিরোধ চলমান রয়েছে। বর্তমানে ওই জমি নিয়ে আদালতের আদেশে ১৪৪ ধারা জারি আছে। রাবিয়া বেগম বিদেশে অবস্থান করায় তার পক্ষে মামলার দেখভালের দায়িত্ব পালন করছেন তিনি। এই বিরোধের জের ধরেই প্রতিপক্ষ তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন অসত্য তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেন খালিছ মিয়া।
প্রতিবাদে তিনি বলেন, চলমান আদালতের বিষয়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই তার বিরুদ্ধে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদ প্রকাশের আগে তার বক্তব্য নেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন।
খালিছ মিয়া প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ অসত্য, একপেশে ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে প্রকৃত তথ্য যাচাই করে বিভ্রান্তিকর সংবাদ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান।
প্রতিবাদকারী- মোঃ খালিছ মিয়া
পিতা- মৃত ওয়াহিদ মিয়া
সাং-বনগাঁও, থানা-নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply