
সময় ডেস্ক : ঢাকার ধামরাই থেকে চুরি হওয়া গরু নিজ বাড়িতে রেখে বিক্রির অভিযোগে করা মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বাবলীকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. আশরাফুল ইসলাম। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট কাজী আশরাফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।
এর আগে বুধবার সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে।
মামলার সূত্রে জানা যায়, ধামরাইয়ের আবদুল লতিফের গোয়ালঘর থেকে দুটি গরু চুরির অভিযোগে গত ৩০ অক্টোবর ভুক্তভোগী পরিবার থানায় মামলা করে। এ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে গরু চুরির ঘটনায় ছাত্রলীগ নেত্রী বাবলী জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করে তারা।
মামলার তদন্তকারী কর্মকতা ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম সমকালকে বলেন, বাবলী আক্তার তার এক বন্ধু শামিমের মাধ্যমে গরু চোরদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। এরপর থেকে চোরাই গরুগুলো তার বাড়িতে নিজের হেফাজতে রেখে বিক্রি করতেন। এ পর্যন্ত পাঁচটি গরু তার হেফাজতে রেখে বিক্রি করেছেন। সর্বশেষ একটি ষাড় গরু জবাই করে কসাইয়ের কাছে মাংস বিক্রি করেছেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বাবলী আক্তার।
Designed by: Sylhet Host BD