
বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে মো. মুবিন নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলা সদরের যাত্রাপাশা (নাপিত পাড়া) গ্রামের মো. তোফাজ্জুল মিয়ার পুত্র। গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার যাত্রাপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিশুটিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের এক পাড়ে বসিয়ে বাবা অন্য পাড়ে প্রায় ১০০গজ দূরে প্রকৃতির কাজ সারতে যান। এসে দেখেন শিশুটি পুকুর পাড়ে নেই। এই সুযোগে শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের সিঁড়িঘাটে এসে জুতা রেখে পুকুরে নেমে যায়। এরই সূত্র ধরে পুকুরে খোঁজাখুঁজি পর শিশুটিকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুবিয়োগে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন তথ্যটি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে।
Designed by: Sylhet Host BD