1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:04 pm

মহাসড়কের চুনারুঘাটে অবৈধ পার্কিং :: দুর্ঘটনার শঙ্কা

Reporter
  • Updated Thursday, October 12, 2023
  • 187

চুনারুঘাট প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ অংশ যেন মরণফাঁদে পরিণত হয়েছে। মহাসড়কে ইচ্ছেমতো গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা ও পণ্য লোড-আনলোড করায় চুনারুঘাট অংশে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।
জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রিজ অংশে গাড়ি পার্ক করে চলে লোড-আনলোড। মহাসড়কের দু’পাশ দখল করে বাস, ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান পার্ক করে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মহাসড়কে গাড়ি পার্ক করে বিভিন্ন পণ্যবাহী ট্রাক থেকে পণ্য লোড-আনলোড করা হয়। এতে ব্যস্ততম এ সড়ক সংকুচিত হয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর গোটা এলাকা পরিণত হয় বাসস্ট্যান্ডে।
সরেজমিনে দেখা যায়, নতুন ব্রিজের গোলচক্কর থেকে পূর্বদিকে ঢাকা-সিলেট মহাসড়কের কয়েকশ মিটার এলাকায় ট্রাক পার্ক করে পণ্য লোড-আনলোড চলছে। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে হাজারো যানবাহন। এ ছাড়া যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক জানান, ঢাকা-সিলেট মহাসড়ক দেখভাল করার দায়িত্ব শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের। গাড়িচালকদের থেকে মাসোহারা নেওয়ার বিষয়টি অস্বীকার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মাঈনুল ইসলাম বলেন, মহাসড়কে গাড়ি পার্ক না করার জন্য চালকদের বলা হয়েছে। তারা শুনছেন না। এ বিষয়ে অভিযানও পরিচালনা করা হয়েছে। হাইওয়ে পুলিশের সিলেট রিজিওনের পুলিশ সুপার শহীদ উলল্যাহ বলেন, হাইওয়ে পুলিশের দুর্নীতি, চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD