
জুয়েল চৌধুরী : বাহুবলে জমিজমার বিরোধে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় চার পলাতক আসামিকে ঢাকার বংশাল এবং ওয়ারী থেকে গ্রেফতার করেছে র্যাব-৩। গত শনিবার (১৪ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার চারজন হলেন- কুদ্দুছ মিয়া (৫২), জালাল মিয়া (৩৮), আলম মিয়া (২৪) ও সিরাজ মিয়া (৪৩)। গতকাল রোববার (১৫ অক্টোবর) এ তথ্য জানান র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান।
তিনি জানান, আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে কয়েকজন মিলে দেশি অস্ত্র দিয়ে হামলা করলে গুরুতর জখম হন ইউসুফ ও উস্তার আলী। পরে বাদীর ভাই ইউসুফ ও উস্তারকে রক্তাক্ত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত ইউসুফের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা বিভিন্ন এলাকায় পলাতক থেকে মোবাইলের মাধ্যমে ফোন করে বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেন।
পরে র্যাব-৩ এর গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে একটি বিশেষ দল ঢাকা মহানগরীর বংশাল ও ওয়ারী এলাকায় অভিযান চালায় এবং তাদের গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
Designed by: Sylhet Host BD