1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:31 am

চুনারুঘাটে চুরির অপবাদে দুই শিশুকে নির্যাতন :: গ্রেপ্তার ২

Reporter
  • Updated Saturday, March 9, 2024
  • 150

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলায় গরু চুরির অভিযোগে দুই শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যসহ কয়েক জনের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এক নারী ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামের মো: মনফর উল্ল্যার স্ত্রী মোছা: মমিনা খাতুন (৩৮) এবং একই ইউনিয়নের বনগাঁও গ্রামের আব্দুল কুদ্দুছের পুত্র আব্দুর রউফ (৩৫)। এর মধ্যে মমিনা খাতুন ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য। এর পুর্বে বৃহস্পতিবার রাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
জানা যায়, আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামে নির্যাতনে শিকার ১০ বছর ও ৮ বছরের ঐ দুই শিশু তাদের নানির বাড়িতে থাকে। তাদের মা প্রায় দুই সপ্তাহ পূর্বে সৌদি আরব চলে যান জীবিকার তাগিদে। গত ৪ মার্চ বিকেলে কালিশিরি গ্রামের জোবায়ের নামের এক যুবক তাদের মাঠ থেকে গরু চুরির অভিযোগে ধরে এনে বাড়ির একটি গাছের সাথে বেঁধে রাখে। এ সময় ঘনশ্যামপুর গ্রামের সাজল মিয়া, বনগাঁও গ্রামের আব্দুর রউফ, ইউপি সদস্য মমিনা খাতুনসহ ৭/৮ জন লোক ওই দুই শিশুকে একই অভিযোগে মারধর করেন।
চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় বলেন, গত ৪ মার্চ শিশু নির্যাতনের ঘটনা ঘটলেও কেউ আমাদেরকে অবগত করেননি। শিশু নির্যাতনের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে তা আমাদের নজরে আসে। পরে আমরা তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে দুজনকে আটক করি। বৃহস্পতিবার রাতেই নির্যাতিত শিশুদের নানি আনোয়ারা খাতুন বাদী হয়ে ইউপি সদস্য মমিনা খাতুনসহ ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD