1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:22 am

শুরু হলো সিয়াম সাধনার মাস

Reporter
  • Updated Tuesday, March 12, 2024
  • 164

স্টাফ রিপোর্টার : সারা বিশ্বের মুসলমানদের জন্য রহমত, বরকত আর নাজাতের বার্তা নিয়ে বছর ঘুরে আবার এলো পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। গতকাল সোমবার (১১ মার্চ) দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ মঙ্গলবার (১২ মার্চ) থেকে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনা শুরু করেছেন। গতকাল রাতে তারাবিহর নামাজ পড়া এবং শেষ রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে মাহে রমজানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
এর আগে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি রমজানের চাঁদ দেখার বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, ‘বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, (আজ) মঙ্গলবার থেকে রোজা শুরু।’
ইসলাম ধর্মের ৫টি মূল স্তম্ভের মধ্যে অন্যতম হলো রোজা। প্রত্যেক মুসলমানের জন্য রোজা একটি ফরজ (অবশ্য পালনীয়) ইবাদত। রমজান সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন- ‘হে মুমিনগণ! তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যাতে তোমরা মুত্তাকি হতে পার।’ (সুরা বাকারাহ- ১৮৩)
রমজান মাসের প্রথম ১০ দিন রহমত, দ্বিতীয় ১০ দিন মাগফিরাত এবং শেষ ১০ দিন নাজাতের সওগাত নিয়ে আসে। শেষ দশদিনে রয়েছে পবিত্র রজনী লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে মহানবী (সাঃ) বলেছেন, ‘এ মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ। যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হল সে মূলত সকল কল্যাণ থেকেই বঞ্চিত হলো।’ ইসলামের পরিভাষায় রোজার অর্থ হচ্ছে- সব জাগতিক আরাম-আয়েশ, মানবীয় দুর্বলতা, অপবিত্রতা থেকে দেহ এবং মনকে রক্ষা করা। ইসলাম ধর্মের অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ মাসেই পবিত্র ধর্মগ্রন্থ ‘আল কোরআন’ অবতীর্ণ হয়েছিল। রমজানের এ মাসটি হচ্ছে সহনশীলতা প্রদর্শনের মাস। এক মাসের সিয়াম সাধনার অবসান ঘটবে পবিত্র ঈদুল ফিতরের মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD