
বানিয়াচং কৃষক ঐক্য পরিষদের উদ্যোগে কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় স্থানীয় বড়বাজারের মোবারক মিয়ার ধানের আড়তে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষক আব্দুর রউফ মিয়া এবং সঞ্চালনা করেন কৃষক সাদিকুর রহমান।
সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দেওয়ান শোয়েব রাজা, সহ আরও অনেকে। বক্তারা কৃষকদের পক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবিদাওয়া তুলে ধরেন।
তাঁদের বক্তব্যে উঠে আসে- কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। বাজারে সিন্ডিকেট ভেঙে কৃষিপণ্যের সঠিক দাম আদায়। কৃষিযন্ত্র ও কৃষিপণ্য ক্রয়ে সিন্ডিকেট ও কারসাজি দমন। মজুদদার ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। কৃষি ভর্তুকি ও সরকারি সুবিধা বণ্টনে স্বচ্ছতা আনয়ন এবং প্রকৃত কৃষকদের মাঝে বরাদ্দ নিশ্চিত। স্বল্পসুদের কৃষি ঋণ প্রাপ্তি সহজ ও দ্রুততর করা। কৃষকবান্ধব বাজার ব্যবস্থাপনায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে পর্যবেক্ষণ কমিটি গঠন। হাট-বাজারে কৃষকদের হয়রানি ও প্রতারণার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
বক্তারা আরও বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকদের অধিকার প্রতিষ্ঠা ও শোষণমুক্ত কৃষিনীতির বাস্তবায়নের জন্য সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সভায় স্থানীয় কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কৃষকের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Designed by: Sylhet Host BD