
হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৭৮ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য, মাদক ও যানবাহন জব্দ করা হয়েছে। গতকাল শনিবার (২৮ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
তিনি জানান, গত চার দিনে চুনারুঘাট, মাধবপুর (হবিগঞ্জ) ও শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৯টি পৃথক বিশেষ অভিযান চালানো হয়। এরমধ্যে সবচেয়ে বড় অভিযানে তেলিয়াপাড়ার নোয়াহাটি এলাকা থেকে মালিকবিহীন একটি ট্রাক থেকে প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকার ভারতীয় কসমেটিকস, শাড়ি, হিমায়িত গরুর মাংস ও শুটকি জব্দ করা হয়।
এছাড়া চুনারুঘাট, মাধবপুর ও শ্রীমঙ্গলের বিভিন্ন বিওপির আওতায় অন্যান্য অভিযানে ১৫ কেজি ভারতীয় গাঁজা, গরু, চিনি, রাবার, ফুচকা, মশার কয়েল, বাইসাইকেলসহ আরও ২ লাখ ৫১ হাজার টাকার পণ্য জব্দ করা হয়। সব জব্দকৃত মালামাল ও যানবাহন চুনারুঘাট, মাধবপুর ও শ্রীমঙ্গল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে, জানায় বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “সীমান্তের নিরাপত্তা এবং চোরাচালান ও মাদক দমনে ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।”
তিনি আরও জানান, চলতি জুন মাসের ২৮ তারিখ পর্যন্ত ৫৫ বিজিবির অভিযানে মোট ৫ কোটি ৯ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
Designed by: Sylhet Host BD