
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ১২ দিনে চোরাচালান ও মাদকদ্রব্য বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ কোটি ৪৬ লাখ ৮৬ হাজার ৭৭০ টাকা মূল্যের ভারতীয় পণ্য, মাদক ও যানবাহন জব্দ করেছে। এসব অভিযান মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় পরিচালিত হয়।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরসহ তেলিয়াপাড়া-চুনারুঘাট রোডের বিভিন্ন এলাকায় ফাঁদ পেতে চালানো ৪টি বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় থাকা ২টি মাইক্রোবাস তল্লাশি করে ১ কোটি ২৫ লাখ ৩০ হাজার ৭২০ টাকার ভারতীয় কারেন্ট জাল, কসমেটিকস, চকলেট ও ফুচকা জব্দ করা হয়।
এছাড়া, চুনারুঘাট উপজেলার দুধপাতিল, গুইবিল, চিমটিবিল ও সাতছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্টে পৃথক অভিযানে মালিকবিহীন ১৪৫.৫ কেজি গাঁজা, ৩৭ বোতল মদ, ৬ ক্যান বিয়ার, ৬ পিস ইয়াবা, একটি গরু, সিএনজি ও বাইসাইকেল জব্দ করা হয়, যার মূল্য ১৭ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকা।
মাধবপুরের তেলিয়াপাড়া, রাজেন্দ্রপুর, হরিণখোলা ও মনতলা বিওপি এলাকায় অভিযান চালিয়ে আরও ৩২ কেজি ভারতীয় গাঁজা ও আতশবাজি জব্দ করা হয়েছে, যার মূল্য ১ লাখ ৪৫ হাজার ৬০০ টাকা।
এদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী, সিন্দুরখান ও কাকমারাছড়া সীমান্ত এলাকায় ৫০ বোতল ভারতীয় মদ, ফুচকা, মশার কয়েল, রাবার ও বাইসাইকেল জব্দ করা হয়েছে, যার সিজার মূল্য ২ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত সকল মালামাল ও যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
চোরাচালান বিরোধী অভিযানের বিষয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশকে মাদক ও চোরাচালানের ভয়াবহতা থেকে রক্ষা করাই আমাদের অঙ্গীকার। সেই লক্ষ্যে আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে অভিযান চালিয়ে যাচ্ছি।”
উল্লেখ্য, গত জুন মাসে ৫৫ বিজিবি চোরাচালান বিরোধী অভিযানে ৫ কোটি ৬ লাখ ৬১ হাজার ৬২০ টাকার পণ্য, মাদক ও যানবাহন জব্দ করে। এসব ঘটনায় একজন পলাতক আসামিও শনাক্ত হয়েছে।
Designed by: Sylhet Host BD