
নবীগঞ্জে বিএনপির কাউন্সিলকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। আজ রবিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত এ কাউন্সিলের উদ্বোধন হবে।
কুর্শি ইউনিয়নের বাংলাবাজারস্থ সোনার বাংলা মডেল হাইস্কুলে ভোটগ্রহণ এবং স্কুলসংলগ্ন জাঙ্গালিয়া মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় ভোটকেন্দ্র পরিদর্শন করবেন সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ। দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
এতে ১৩ ইউনিয়নের মোট ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক- এ পাঁচটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭ জন প্রার্থী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক কমিটির প্রধান ডা. এ.জেড.এম জাহিদ হোসেন। উদ্বোধন করবেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কমিটির সদস্য ডা. সাখাওয়াত হোসেন জীবন। প্রধান বক্তা হিসেবে থাকবেন আলহাজ্ব জিকে গউছ।
সভাপতি পদে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খালেদ আহমদ পাঠান (আনারস) ও সৈয়দ মতিউর রহমান পিয়ারা (দোয়াত-কলম)।
সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বয়েতুল্লাহ মিয়া (জগ), বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান (সিএনজি) ও মো. খসরু চৌধুরী (কাপ-প্লেট)।
সাধারণ সম্পাদক পদে রয়েছেন মজিদুর রহমান মজিদ (মাছ), শিহাব আহমদ চৌধুরী (মোরগ) ও মুরশেদ আহমদ (হরিণ)।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিউল আলম, হারুনুর রশীদ (হেলিকপ্টার), অলিউর রহমান অলি (কলস), আবুল খায়ের কায়েদ (টিউবওয়েল) ও মো. এনামুল হক।
সাংগঠনিক সম্পাদক পদে আছেন নুরুল গনি চৌধুরী সোহেল (টর্চলাইট), এডভোকেট শাহিদ আলী তালুকদার (টেবিল), ছোহেল আহমদ চৌধুরী রিপন (ফুটবল) ও জামাল চৌধুরী (তালা)।
দ্বিবার্ষিক এ সম্মেলন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মুদ্দত আহমেদ ও সহকারী কমিশনার এড. মো. আবুল ফজল, প্রফেসর মো. আজিজুল হক, এড. গুলজাহান খান ও এডভোকেট মিজানুর রহমান চৌধুরী একাধিকবার স্থান পরিদর্শন করেছেন।
ভোটগ্রহণের জন্য স্কুল প্রাঙ্গণে তিনটি কক্ষে সাতটি বুথ স্থাপন করা হয়েছে। সুষ্ঠু পরিবেশে ভোট সম্পন্ন করতে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বিঘ্ন ভোটাধিকার প্রয়োগে ভোটারদের আহ্বান জানানো হয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে।
প্রস্তুতি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোশাহিদ আলম মুরাদ, কুর্শি ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জামাল, বিএনপি নেতা মির্জা আলী আজম রায়হান খাদিম, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবুল কালাম মিঠুসহ অনেকে।
Designed by: Sylhet Host BD