
হবিগঞ্জ পৌরসভার আমন্ত্রণে আগামী বছরের শুরুতে হবিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে দক্ষিণ কোরিয়ার দাহাম ভলান্টিয়ার টিম।
সম্প্রতি জাতিসংঘের ট্রেনিং ও রিসার্চ ইনস্টিটিউটের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে কোরিয়ার গইয়াং শহরে দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক পার্ক হিউম-এর সাথে সাক্ষাৎ করেন হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ ইকবাল চৌধুরী।
এসময় পার্ক হিউম জানান, গইয়াং ও হবিগঞ্জ শহরের মধ্যে একটি ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন গড়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও ভলান্টিয়ারদের সমন্বয়ে একটি দল আগামী বছরের শুরুতে হবিগঞ্জে এসে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করবে।
তিনি আরও জানান, চিকিৎসা সেবার পাশাপাশি হবিগঞ্জের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমেরও আয়োজন করা হবে। বিশেষভাবে আগুনে পোড়া রোগীদের চিকিৎসার ওপর গুরুত্ব দেওয়া হবে।
পার্ক হিউম উল্লেখ করেন, পূর্বে হবিগঞ্জে এসে তারা সফলভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেছিলেন। সে সময় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিপন শীলের পরিবারকে দেখে তিনি গভীরভাবে মর্মাহত হন এবং রিপন শীলের স্ত্রীর জন্য কল্যাণমূলক উদ্যোগ গ্রহণের পরিকল্পনার কথাও জানান।
হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ ইকবাল চৌধুরী দাহাম ভলান্টিয়ার টিমের সফরের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে বিশেষ করে হবিগঞ্জে দাহাম ভলান্টিয়ারদের পূর্ববর্তী সফরের সমন্বয়ের দায়িত্বও তিনি পালন করেছিলেন।
Designed by: Sylhet Host BD