
চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি যুবককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবির (বাংলাদেশ বর্ডার গার্ড) সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন- খুলনা জেলার রূপসা উপজেলার বাদাল গ্রামের নিজাম উদ্দিন শেখের ছেলে মোঃ আকবর আলী (২৮) এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বহরগুনিয়া গ্রামের আবুল কালাম মুন্সির ছেলে আল আমিন (২৩)।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ তাদের আটক করে। পরে চুনারুঘাট সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তরের পর চুনারুঘাট বিজিবি আটক দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং তাদেরকে চুনারুঘাট থানায় সোপর্দ করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে বিজিবির নিয়মিত অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।
Designed by: Sylhet Host BD