
নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদে জঙ্গিবাদ দমন, মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন রোধ, যৌতুক নিরোধ ও মানসম্মত শিক্ষার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। তিনি বলেন, “নির্ধারিত সরকারি ফি ব্যতীত বেশি নিলে পরের দিন সচিব জায়গায় থাকবে না। আধুনিক শিক্ষায় এগিয়ে যেতে হলে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান বাড়াতে হবে। অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে, এসএসসি পরীক্ষার আগে সন্তানদের হাতে স্মার্টফোন না দেওয়া হয়; সামর্থ্য থাকলে ল্যাপটপ দেওয়া যেতে পারে।”
সভায় সভাপতিত্ব করেন কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ। তিনি আইন-শৃঙ্খলার উন্নয়ন, মাদকদ্রব্য নির্মূল, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অঙ্গীকার ব্যক্ত করেন।
বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন এবং সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার। সভা পরিচালনা করেন শিক্ষক সুহেল আহমদ।
এ সময় উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা সাকিল আহমদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, ইউনিয়ন পরিষদের সচিব গোলাম রাব্বানী, সদস্য শাহ্ সামসুল ইসলাম সুজন, অলিউর রহমান, অজিত সূত্রধর, গোলাম হোসেন চৌধুরী রাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩টি হাই স্কুল ও ১টি আলিম মাদ্রাসায় খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া গ্রাম আদালত ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শনের পর বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Designed by: Sylhet Host BD