
পারিবারিক সম্পত্তি দখলের জন্য বাবাকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মাসুক মিয়া (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-৯। সোমবার (১১ আগস্ট) রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিণখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার তারাউল্লা গ্রামের ধনু মিয়ার দুই সংসার রয়েছে। প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে ও ১ মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে ২ ছেলে ও ৩ মেয়ে। ধনু মিয়া দুই স্ত্রীর ছেলেদের আলাদা বাড়ি করে দিয়েছেন এবং প্রথম পক্ষের ছেলেদের অংশ বুঝিয়ে দিয়েছেন। এরপরও বিবাদীরা অতিরিক্ত জমি দলিল করে দেওয়ার জন্য চাপ দেয়।
গত ২৬ জুলাই সকাল ১০টার দিকে স্থানীয় মসজিদের সামনে ধনু মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তার ছেলে মাসুক ও সহযোগীরা। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান। এ ঘটনায় নাসিরনগর থানায় মামলা দায়ের হলে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১ ও শায়েস্তাগঞ্জ সিপিসি-৩ ক্যাম্পের যৌথ অভিযানে মাসুক মিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
Designed by: Sylhet Host BD