
আজমিরীগঞ্জ উপজেলায় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা হলরুমে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম।
ক্রীড়া সামগ্রী প্রদান করা হয় উপজেলার আজমিরীগঞ্জ সরকারি কলেজ, পাহাড়পুর আদর্শ কলেজ, মিয়া ধন মিয়া মাধ্যমিক বিদ্যালয়, এ বি সি মাধ্যমিক বিদ্যালয়, পাহাড়পুর বিকেপি বিদ্যালয়সহ মোট ৬৫টি প্রাথমিক বিদ্যালয়, ১০টি উচ্চ বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা এবং ২টি কলেজে।
প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হয়েছে ৩টি করে ফুটবল ও ৩টি করে হ্যান্ডবল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৩টি করে ফুটবল, ৩টি করে হ্যান্ডবল এবং চাহিদা অনুযায়ী ক্রিকেট ব্যাট, বল, গ্লাভস, স্টাম্প, গোলক, দাবার বোর্ড, মেজারমেন্ট টেপসহ অন্যান্য সামগ্রী দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় ৯০০ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে দুপুর ১টায় জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান উপজেলা অফিসার্স ক্লাবের উদ্বোধন করেন।
Designed by: Sylhet Host BD