
মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে মাধবপুর থানার একটি দল উপজেলার বুল্লা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মাধবপুর উপজেলার বুল্লা গ্রামের মো. আমরু মিয়ার পুত্র মো. কাশেম মিয়া (২৫) এবং তিশক মিয়ার পুত্র মো. জাকির হোসেন (২৪)।
পুলিশ জানায়, এর আগে বুধবার (১৩ই আগষ্ট) বিকেলে উপজেলার দক্ষিণ বুল্লা গ্রামে সৌদি আরবে সংঘর্ষের জের ধরে ধলাই মিয়ার গোষ্ঠী ও সেলিম মেম্বারের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে উভয়পক্ষের লোকজন পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। এতে মাধবপুর থানার ওসি মো. সহিদ উল্ল্যাহসহ ৭ পুলিশ সদস্য এবং উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হন।
ঘটনার পর বুধবার রাতেই মাধবপুর থানার এসআই বিজয় দেবনাথ বাদী হয়ে ৮৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০-৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মাধবপুর থানার ওসি মো. সহিদ উল্ল্যাহ জানান, “ধৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
Designed by: Sylhet Host BD