1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:29 am

হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার
  • Updated Monday, August 18, 2025
  • 195

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় দুদক হবিগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো. এরশাদ মিয়ার নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুদকের সদস্যরা হাসপাতাল চত্বর ঘুরে দেখেন এবং বিভিন্ন শাখার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
উপ-পরিচালক মো. এরশাদ মিয়া জানান, “আমাদের কাছে অভিযোগ এসেছিল হাসপাতালের অব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাবারে অনিয়ম নিয়ে। এরই প্রেক্ষিতে অভিযান চালানো হয়। খাবারের অন্যান্য আইটেম সঠিকভাবে পাওয়া গেলেও সকালের নাস্তায় সরবরাহকৃত রুটিতে কোনো লেবেল পাওয়া যায়নি। ফলে রুটির উৎস ও মেয়াদ যাচাই করা যায়নি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
দুদকের উপ-পরিচালক আরও বলেন, “অভিযানের সময় দেখা গেছে পরিচ্ছন্নতা মোটামুটি ঠিক আছে। তবে ধারণা করা হচ্ছে, আমাদের আসার খবর আগেভাগেই পেয়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। বর্তমানে ২৫০ শয্যার হাসপাতালটিতে ৫০০-রও বেশি রোগী ভর্তি থাকায় কিছু ক্ষেত্রে অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে।”
হাসপাতালের আরএমও দুদক টিমকে জানান, ডাক্তার, নার্সসহ জনবল সংকটের কারণেই এ সমস্যা সৃষ্টি হচ্ছে।
দুদকের উপ-পরিচালক এরশাদ মিয়া বলেন, “এসব বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে। ভবিষ্যতে হঠাৎ করে, কাউকে না জানিয়েই আবারও অভিযান চালানো হবে।”
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার বলেন, “আমরা সাধ্যমতো চেষ্টা করে পরিচ্ছন্নতা বজায় রাখছি। তবে রোগী ও স্বজনদেরও সচেতন হতে হবে। পর্যাপ্ত জনবল পাওয়া গেলে সংকট অনেকটাই কেটে যাবে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD