
হবিগঞ্জ শহরে অবৈধ ট্রাভেলস এজেন্সিগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। গতকাল রোববার দুপুরে শহরের ২ নম্বর পুল এলাকায় অবস্থিত একাধিক ট্রাভেলস এজেন্সিতে অভিযান চালানোর প্রস্তুতি নেয় সেনা সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসব অবৈধ ট্রাভেলস এজেন্সি দীর্ঘদিন ধরে দালাল চক্রের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছিল। বিশেষ করে পাসপোর্ট অফিসে নিয়োজিত দালালরা অনৈতিক কাজে জড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছিল। লন্ডন, আমেরিকা, দুবাই, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাঠানোর নাম করে অসংখ্য প্রবাসীপ্রত্যাশীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল।
ভুক্তভোগীরা জানান, বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারকরা অনেকের কাছ থেকে সর্বস্ব কেড়ে নিয়েছে। অনেক পরিবার ভিটেমাটি বিক্রি করে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়ে পথে বসতে বাধ্য হয়েছে।
সেনাবাহিনীর অভিযান টের পেয়ে সংশ্লিষ্ট ট্রাভেলস এজেন্সির মালিকরা দ্রুত তাদের অফিস তালাবদ্ধ করে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ ট্রাভেলস এজেন্সি ও দালাল চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি প্রতারণার শিকার হলে দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
Designed by: Sylhet Host BD