
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহরাব হোসেনের মানবিক কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, সংঘর্ষে গুরুতর আহত কয়েকজন রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। তাদের দ্রুত হাসপাতালে নেওয়ার মতো কোনো যানবাহন নেই। পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠলে এএসআই সোহরাব সংঘর্ষে ব্যবহৃত ইটভর্তি একটি ভাঙা ট্রাকেই আহতদের তোলেন এবং নিজেই চালকের আসনে বসে দ্রুত হাসপাতালে পৌঁছে দেন।
সংকটময় মুহূর্তে অ্যাম্বুলেন্সের অভাবে অনেক আহতই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। কিন্তু এএসআই সোহরাবের এই পদক্ষেপের কারণে আহতরা দ্রুত হাসপাতালে পৌঁছে চিকিৎসা পান এবং একাধিক প্রাণহানি এড়ানো সম্ভব হয়।
ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সর্বস্তরের মানুষ এএসআই সোহরাবকে প্রশংসায় ভাসাচ্ছেন। অনেকে মন্তব্য করছেন- “এমন পুলিশ কর্মকর্তারাই সমাজের গর্ব।” কেউ কেউ আবার লিখেছেন- “মানবিক পুলিশ চাই, জনগণ সবসময় তাদের পাশে থাকবে।”
স্থানীয়দের মতে, এএসআই সোহরাবের এ উদ্যোগ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের শৌলার পাড় এলাকায় টমটম ও সিএনজি ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে কাকুড়া-করিমপুর ও জামারগাঁও-রাধাপুর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে সাব্বির মিয়া (৩৫) নামে একজন নিহত হন এবং অন্তত ৫০ জন আহত হন। ওই সংঘর্ষে আহতদেরই হাসপাতালে নেওয়ার দায়িত্ব পালন করেছিলেন এএসআই সোহরাব হোসেন।
Designed by: Sylhet Host BD