
ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ চলাকালীন হবিগঞ্জের শাহজীবাজারে অসতর্কতাবশত গ্যাস লাইন কেটে যায়। ফলে টানা প্রায় ১০ ঘণ্টা শিল্পাঞ্চলের কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। রাত ২টার দিকে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হয়।
মেটাডোর কোম্পানির কর্মকর্তা রেজাউল বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কে কাজ করার সময় বুধবার বিকেলে গ্যাস লাইন কেটে ফেলেন শ্রমিকরা। ফলে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে উৎপাদন মারাত্মকভাবেক ব্যাহত হয়। রাত ২টার দিকে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হয়।’ তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।
স্কয়ার ডেনিমের সিনিয়র এক্সিকিউটিভ মো. ইমদাদুল হক বলেন, ‘মহাসড়কে কাজ করার সময় শাহজীবাজার স্টার সিরামিকের কাছে গ্যাসের মেইন লাইন কেটে ফেলেন শ্রমিকরা। বুধবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত ২টার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়।’
জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান বলেন, ‘এ লাইনটি আমাদের হাইপ্রেসার লাইন। ঢাকা-সিলেট মহাসড়কে কাজ করতে গিয়ে (শ্রমিকরা) লাইনটি কেটে ফেলেন। তাৎক্ষণিক আমরা লাইন বন্ধ করে দিয়ে জরুরিভাবে সেখানে মেরামত কাজ করি। রাতের মধ্যেই পুনরায় লাইন চালু করতে সক্ষম হয়েছি।’
Designed by: Sylhet Host BD