
নবীগঞ্জে ব্রীজের নিচ থেকে নিখোঁজ জাবেদ মিয়ার লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকান্ডের মূলহোতা আউয়ালকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। গ্রেফতারকৃত মোঃ আব্দুল আউয়াল (২৫), নবীগঞ্জ উপজেলার বনগাও এলাকার মোঃ লেচু মিয়ার পুত্র।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মোবাইল ফোনে একটি কল আসার পর বনগাঁও গ্রামের মো. আতিক মিয়ার ছেলে জাবেদ মিয়া বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। নিখোঁজের পর থেকে ২২ আগস্ট দুপুরের মধ্যে কোনো এক সময়ে তাকে গলায় বেল্ট পেঁচিয়ে বা শ্বাসরোধে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে নবীগঞ্জ থানাধীন আউশকান্দি-পিটুয়া থেকে বনগাঁও সড়কের হাসানখালী খালের কালভার্টের নিচে ফেলে রাখা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র্যাব-১১ সিপিসি-১ এর একটি যৌথ দল গত ৬ সেপ্টেম্বর (শনিবার) রাত ১২টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশিপুর দেওয়ানবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মূলহোতা আউয়ালকে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
Designed by: Sylhet Host BD