
নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণে অনিয়মসহ মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের অভিযোগে দুই বেকারিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।
অভিযানকালে দেখা যায়, বেকারিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। পণ্যের গায়ে কোনো লেবেল বা মেয়াদের তারিখ নেই, পাশাপাশি ব্যবহৃত হচ্ছে মেয়াদোত্তীর্ণ ডালডা, তেল ও ক্রিম। এমনকি ক্ষতিকর অ্যামোনিয়াম ও নিষিদ্ধ ফুড কালার ‘ডেওমাটি’ ব্যবহারের প্রমাণও পাওয়া যায়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী মোহাম্মদীয়া ফুডের মালিক প্রো. মাজিদুর রহমান (পিতা: হাজী আব্দুল ওয়াহিদ মিয়া, ঠিকানা: নবীগঞ্জ) কে ৪০ হাজার টাকা এবং মায়ের দোয়া বেকারির মালিক প্রো. মো. সবুজ (পিতা: ফজলু মুন্সী, ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া) কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি স্থানীয় ব্যবসায়ীদের খাদ্যপণ্যে মান বজায় রাখা ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
Designed by: Sylhet Host BD