1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:27 am

হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ ॥ আহত ৭

Reporter
  • Updated Friday, December 13, 2019
  • 519

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭ জন। গতকাল বৃহস্পতিবার বিকাল পৌনে চারটায় বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শরীফ উদ্দিন আহমেদ সড়কের কাছাকাছি স্থানে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা জায়েদ মিয়া (৭) নামে এক শিশু নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন জায়েদের মা করিমা বেগম, চাচি বিলকিস আক্তার ও তার চাচাতো ভাই আবুল কাশেম। নিহত জায়েদ মিয়া আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের হুমায়ুন মিয়ার পুত্র। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশের এসআই গোপাল কৈরিসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত জায়েদের মরদেহ উদ্ধার করে বানিয়াচং থানায় নিয়ে আসেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় জায়েদের মা, চাচি ও চাচাতো ভাইকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জায়েদের বাবা হুমায়ুন মিয়া জানান, আমার স্ত্রী করিমা বেগম, ভাবি বিলকিস আক্তার, ছেলে জায়েদ মিয়া ও ভাতিজা আবুল কালামকে নিয়ে হবিগঞ্জের শাহপুর গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য রওয়ান দেয়। পথিমধ্যে বানিয়াচং-হবিগঞ্জ রোডের শরীফ উদ্দিন আহমেদ রোডের কাছাকাছি যাওয়া মাত্রই হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ইট বোঝাই ট্রাক (হবিগঞ্জ-ড/১১০০৯৭) সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে আমার ছেলে জায়েদের মাথার মগজ ছিটকে রাস্তার উপরে পরে যায়। সেখানেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, দুর্ঘটনার পর নিহত জায়েদের মাথার মগজ রাস্তার উপর পড়ে থাকতে দেখেন। অন্যদিকে নিহত জায়েদের মা করিমা বেগমের দুই পা ভেঙে গেছে বলে জানিয়েছেন তারা। এ ঘটনায় সিএনজি অটোরিকশাতে থাকা অপর যাত্রীরা আহত হন। তাদেরকে আশেপাশের মানুষ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়। বানিয়াচং থানার ওসি রঞ্চন কুমার সামন্ত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। ট্রাক ও সিএনজি অটোরিকশা চালক পালিয়ে গেলেও গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি নিহত জায়েদের মরদেহও আনা হয়েছে। ট্রাক চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।

এদিকে, শায়েস্তাগঞ্জে সুদিয়াখলা সড়কে মাটি বোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় লিটন মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনার আরও চার শ্রমিক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় এ ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া চুনারুঘাট উপজেলার কাছিশাইল গ্রামের কুটি মিয়ার পুত্র। উবাহাটা ইউপি চেয়ারম্যান রজব আলী জানান, শুনেছি সকালে লিটনসহ পাঁচজন শ্রমিক শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ থেকে অটোরিকশায় হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হলে সুদিয়াখলা নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার সবাই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় হাসপাতালে চিকিৎসারত থাকা অবস্থায় লিটন মিয়া মারা যান। গুরুতর আহত জুয়েল ও জসিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মুখলেছুর রহমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD