
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রাম সংলগ্ন গুঙ্গুরজুড়ি হাওর থেকে শিপন মিয়া (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাওর থেকে তার লাশ উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ। নিহত শিপন মিয়া হবিগঞ্জ বৃন্দাবন কলেজের এইচএসসি ১য় বর্ষের শিক্ষার্থী এবং নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। নিহতের বোন শিফা আক্তার জানান, গত সোমবার ১৪ আগষ্ট বেলা ৪টায় বাড়ি থেকে পার্শ্ববর্তী ইমামবাড়ী বাজারে যান শিপন মিয়া। এরপর আর বাড়ি ফেরেননি। নিখোঁজের ৩ দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার ১৭ আগষ্ট সকাল ১০টার দিকে নিহতের গ্রাম সংলগ্ন গুঙ্গুরজুড়ি হাওরের মৌদনি বিলে লাশ পড়ে থাকতে দেখেন প্রত্যদর্শীরা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ। বিকেলে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করেছে পুলিশ। এদিকে, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, প্রাথমিক অবস্থায় নিহতের শরীরে আঘাতের অনেক চিহ্ন দেখা গেছে এবং লাশ দেখে মনে হচ্ছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তিনি আরো জানান লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply