
বিশেষ প্রতিনিধি : সিলেটে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, চিনি ও আলুর দাম কেজিতে ৫-৭ টাকা করে বেড়েছে। তবে আদা ও রসুনের দাম কেজিতে ১০-২০ টাকা করে কমেছে। গুঁড়া মসলার দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা। শীতকালীন শাকসবজি বাজারে আসতে শুরু করলেও প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ৫-১০ টাকা। গতকাল শনিবার সিলেট নগরের চারটি সবজি বাজার ও টি নিত্যপণ্যের দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে।
নগরের রিকাবীবাজারের একটি গ্রোসারি শপে কথা হয় স্কুলশিক্ষক জসিম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘সবমিলিয়ে বেতন পাই ২৪ হাজার ৫০০ টাকা। পাঁচ সদস্যের পরিবারের নিত্যপণ্য ও শাকসবজি কিনতেই মাসে ২০ হাজারের বেশি চলে যাচ্ছে। এরপর বাসাভাড়া-বিদ্যুৎ বিল দিতে গিয়ে আমাদের মতো ছোটখাটো চাকরিজীবীরা চিড়েচ্যাপ্টা হয়ে যাচ্ছেন। ব্যয় বাড়লেও বেতন-ভাতা বৃদ্ধি না পাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।’ দীর্ঘদিন ধরে অস্থিতিশীল থাকার পর সয়াবিন তেলের দাম দুই সপ্তাহ ধরে অনেকটা স্থিতিশীল রয়েছে। সরকারের বেঁধে দেওয়া দাম ১৭৮ টাকা দরে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে। শাকসবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫-১০ টাকা করে বেড়েছে।
গত সপ্তাহে কাঁচা মরিচ খুচরা বাজারে কেজি ৮০ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে তা ১০ টাকা কমে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে চিনির দাম ছিল ৯৫ টাকা কেজি। আজ তা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা করে। কেজিতে দাম বেড়েছে ৫-১০ টাকা।
দুপুরে সিলেট নগরের কাঁচাবাজার বন্দরবাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি নতুন আলু ১১০-১২০ টাকা ও গাজর ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ধনেপাতা ১২০ টাকা কজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে দাম বেড়ে হয়েছে ২০০ টাকা। বেগুন ৫০-৫৫ টাকা, পেঁপে ৩৫-৪০ টাকা, লাউ (মাঝারি) ৬৫-৭৫ টাকা পিস, আমড়া ৪০ টাকা কেজি, টমেটো ১২০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, ঝিঙে ৫০ টাকা, চিচিঙ্গা ৪৫ টাকা কেজি, করলা ৫৫ টাকা, মুলা ৪৫ টাকা, বাঁধাকপি ৫৫-৬০, শসা ৫০-৬০ টাকা ও পুইশাক ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
নগরের কাজিরবাজারের সবজি বিক্রেতা সবুজ আহমদ বলেন, ‘বাজারে প্রতিদিনই সবজির দাম ২-৪ টাকা করে বাড়ছে। তাই আমরা খুচরা বাজারে সেভাবেই বিক্রি করছি। আলু, টমেটো, ধনেপাতা, নতুন আলুর দাম একটু চড়া। তবে কাঁচা মরিচের দাম কেজিতে ১০ টাকা কমেছে। অন্য সব শাকসবজির দাম গত সপ্তাহের মতোই রয়েছে।’
সিলেট মেডিকেল রোডের সুপারশপ লিবার্টি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক আলমগীর হোসেন বলেন, খুচরা বাজারে পেঁয়াজের দাম আজ কেজিতে পাঁচ টাকা করে বেড়েছে। এলসির ভালোমানের পেঁয়াজ গত সপ্তাহে ছিল ৫০ টাকা কেজি। এই পেঁয়াজ এখন ৫৫-৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
বাজার ঘুরে জানা যায়, চায়না আদা গত সপ্তাহে ২০০ টাকা কেজি বিক্রি হলেও ২০ কমে আজ ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া চায়না বড় রসুন ১২০ টাকা, বড় মসুর ডাল ১১০ টাকা এবং ছোট মসুর ডাল ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
Designed by: Sylhet Host BD