1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:55 am

বিশ^কাপে হট ফেবারিট আর্জেন্টিনাকে স্তব্ধ করে সৌদির অবিস্মরণীয় বিজয় :: বাকি দুই ম্যাচ আমাদের জন্য ফাইনাল -মার্টিনেজ

Reporter
  • Updated Tuesday, November 22, 2022
  • 221

সময় ডেস্ক : আর্জেন্টিনার ‘সি’ গ্রুপের সবচেয়ে সহজ প্রতিপক্ষ মনে করা হচ্ছিল সৌদি আরবকে। ফুটবল ঐতিহ্য, বিশ্বকাপ খেলার ইতিহাস এবং ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী আর্জেন্টিনার কাছে সৌদি শিশু ছাড়া কিছু নয়! ওই তুলনায় সেন্ট্রাল আমেরিকার মেক্সিকো এবং ইউরোপের পোল্যান্ড শক্তিশালী। কিন্তু বিরতির পর পরপর দুই গোলে আর্জেন্টিনাকে স্তব্ধ করে দিল সেই দূর্বল প্রতিপক্ষ সৌদি আরব। থামল আসরের ফেবারিট আর্জেন্টিনার ৩৬ ম্যাচের অপরাজিত থাকার দৌড়। তৃতীয় দিন এসে যেন বিশ্বকাপে রঙ লাগলো! লিওনেল মেসির গোলে ম্যাচের শুরুতেই লিড নেয় আর্জেন্টিনা। অফ সাইডে প্রথমার্ধে আরও তিনটি গোল করে আলবিসেলেস্তেরা। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ২-১ গোলের জয়ে মাঠ ছেড়েছে সৌদি আরব। কাতারের সবচেয়ে বড় লুসাইল স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হওয়া ম্যাচের ২ মিনিটেই গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ পায় আকাশি-সাদা জার্সিধারীরা। জটলার মধ্যে থেকে শট নেন লিওনেল মেসি। কিন্তু জোরালো না হওয়ায় শট লাফিয়ে ফেরান সৌদি গোলরক্ষক। ম্যাচের ১০ মিনিটে মেসি কাতারের প্রতিবেশি দেশ সৌদির গোল মুখ খোলেন। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন তিনি।
এরপর ম্যাচের ২২ মিনিটে লিওনেল মেসি বল জালে পাঠালেও তা অফসাইড হয়। লওতারো মার্টিনেজ ম্যাচের ২৭ মিনিটে জালে বল পাঠিয়ে উদযাপন করেন। ভিএআর চেক করে রেফারি অফ সাইড ডাকেন। ৩৩ মিনিটে তার করা আরও একটি গোল অফসাইডে বাতিল হয়। প্রথমার্ধে হাই-লাইন ডিফেন্সে খেলা সৌদি বলতে গেলে পাত্তাই পায়নি। দ্বিতীয়ার্ধে গোল শোধের প্রত্যয় নিয়ে নেমেই গোল পেয়ে যায় আরব দেশ সৌদি। এশিয়ার প্রতিনিধিরা ম্যাচের ৪৮ মিনিটে গোল শোধ করে। সাহেল আল সেহরি দলকে সমতায় ফেরান। ওই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই লিড নেয় সৌদি। ম্যাচের ৫৩ মিনিটে দলকে লিড এনে দেন সালেম আল দাউসারি। বক্সের ভেতর থেকে চোখে লেগের থাকার মতো শটে বল জালে পাঠান তিনি।
এরপর শুরু হয় সৌদির রক্ষণ মজবুত করে খেলার লড়াই। সেটা শেষ পর্যন্ত চেষ্টা করে গেছে তারা এবং উতরে গেছে। গোলরক্ষক আল ওয়াইস দুর্দান্ত পাঁচটি সেভ দিয়েছেন। গোল লাইন থেকে সৌদির খেলোয়াড়রা গোল বাঁচিয়ে হতাশ করেছে আর্জেন্টিনাকে। এ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে পাঁচ দেখায় প্রথম জয় পেল সৌদি আরব। আগের চার ম্যাচে সর্বোচ্চ সাফল্য ছিল দুই সমতা।
ম্যাচ শেষে মার্টিনেজ বিশ্বকাপের স্বত্ত্ব পাওয়া সম্প্রচার মাধ্যমকে বলেছেন, ‘এই হার অনেক বেদনার। আমাদের অনেক আশা ছিল, প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম। আমরা ম্যাচটা নিজেদের ভুলেই হেরেছি। বলতে গেলে দ্বিতীয়ার্ধে করা ভুলে।’ কী ভুল করেছেন তা না জানালেও কোচিং স্টাফদের কাছে বিস্তারিত নোট করা আছে এবং পরের ম্যাচে তাদের ওই ভুল শুধরাতে নামতে হবে বলেও উল্লেখ করেছেন ইন্টার মিলানে খেলা স্ট্রাইকার মার্টিনেজ, ‘এই ভুল কাটিয়ে উঠতে হবে। প্রথমার্ধে আমাদের একটির বেশি গোল করতে হতো, কিন্তু এটাই হলো বিশ্বকাপ! এখন আমাদের সামনের দুই ম্যাচই ফাইনাল।’
আর্জেন্টিনা গ্রুপ পর্বে পরের ম্যাচ খেলবে ২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে। পূর্বের বিশ্বকাপ ও অন্যান্য ম্যাচ অনুযায়ী, আকাশি-সাদা জার্সিধারীদের বিপক্ষে ভালো খেলে মেক্সিকানরা। মেসিদের গ্রুপের শেষ ম্যাচ রবার্ট লেভানডভস্কির ইউরোপের দেশ পোল্যান্ড। ওই ম্যাচ মাঠে গড়াবে ৩০ নভেম্বর।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD