
সময় ডেস্ক : বিপিএলের নবম আসরে টানা চার ম্যাচে জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার। ওই জয়ে টানা তিন ম্যাচে ফিফটি পেয়েছেন তরুণ তৌহিদ হৃদয়। ম্যাচ সেরার হ্যাটট্রিক করেছেন তিনি। কিন্তু এর মধ্যেই খারাপ সংবাদ পেয়েছে সিলেট। ইনজুরিতে পড়েছেন দলটির সেরা পারফর্মার তৌহিদ হৃদয়। ঢাকার বিপক্ষে ৪৬ বলে ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। এরপর ফিল্ডিংয়ের সময় আঙুলের ইনজুরিতে পড়েন। দ্বিতীয় ইনিংসের ১২তম ওভারে বোলিং করছিলেন রেজাউর রহমান রাজা। পয়েন্টে ফিল্ডিং করতে গিয়ে ব্যর্থা পান তিনি। তাকে তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ফেটে যাওয়া আঙুলে আটটি সেলাই দিতে হয়েছে তার। ওই ইনজুরিতে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে হৃদয়ের।
অর্থাৎ ১৩ জানুয়ারি থেকে চট্টগ্রাম পর্বে যাওয়া বিপিএলে খেলতে পারবেন না তিনি। ঢাকা পর্বে চার ম্যাচ খেলায় চট্টগ্রাম পর্বে সিলেটের ম্যাচ মাত্র দুটি। যার প্রথমটি মাঠে গড়াবে ১৬ জানুয়ারি। এরপর ২৩ জানুয়ারি ঢাকা পর্বে ফিরবে বিপিএল। সেখানেও একটি ম্যাচ আছে যা মিস করবেন হৃদয়। বিপিএল সিলেট পর্বে যাবে ২৭ জানুয়ারি থেকে। প্রথমদিনই ম্যাচ আছে মাশরাফি-তৌহিদদের। ওই ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা সেটাই দেখার অপেক্ষা।
Designed by: Sylhet Host BD