1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:26 pm

ওষুধের নিম্নমান ও মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে বিরোধীদলের ক্ষোভ

Reporter
  • Updated Friday, September 8, 2023
  • 141

সময় ডেস্ক : বাজারে ভেজাল ও নিম্নমানের ওষুধ এবং লাগামহীন মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদে বিরোধীদলের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সংসদে বিদ্যমান ওষুধ আইনে কসমেটিকস শব্দটি যুক্ত করে ‘ঔষধ ও কসমেটিকস’ বিল পাস হয়। বিলের উপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তারা বাজারের ভেজাল ও নিম্নমানের ওষুধ এবং লাগামহীনভাবে ওষুধের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেন। সরকার জনস্বার্থে এ সব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন। বিলটি পাসের প্রক্রিয়ায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী বলেন, ওষুধের যে আন্তর্জাতিক মান রয়েছে সেই লেভেলটা আমাদের ঠিক রাখতে হবে। নিবিড় নজরদারী থাকতে হবে। স্যালাইনের দাম ১০০ টাকা নির্ধারিত থাকলে বিক্রি হয় ২০০, ৩০০ বা ৪০০ টাকায়। সিন্ডিকেটের মাধ্যমে এগুলো করা হয়। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
একই দলের পির ফজলুর রহমান বলেন, ওষুধের মান নিয়ন্ত্রণই ঠিক মতো করতে পারছি না। এরসঙ্গে আবার কসমেটিকস্ কেন আনা হলো? স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব যে কাজ, সেটা ঠিক মতো করতে আমরা পারছি না। ওষুধের দাম বৃদ্ধি করা হয়েছে, কোনো ব্যবস্থা নেই। ওষুধ ও কসমেটিস্ দুটি এক জায়গায় আনা হলো কেন? গণফোরামের মোকাব্বির খান বলেন, ওষুধ জীবন রক্ষার উপাদান। এ বিলটি এমনভাবে আনা হয়েছে যাতে জনস্বার্থের পরিপন্থি হতে পারে। ওষুধ ও কসমেটিকস্ ভিন্ন জিনিস, কাজও ভিন্ন। কিছু মানুষের স্বার্থ রক্ষার জন্য এটা করা হয়েছে। এতে ওষুধ উৎপাদন ও মান নিয়ন্ত্রণ সম্ভব হবে না। এরমধ্যে অসৎ উদ্দেশ্য আছে।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কারো ব্যবসা ক্ষতি করার জন্য কসমেটিকস্ বিষয়টি আমরা এখানে নিয়ে আসিনি। বহু দেশে- আমেরিকা, ভারত, সিঙ্গাপুর ও থাইল্যান্ডসহ বহু দেশে আইনটি একসঙ্গে আছে। আমাদের উদ্দেশ্য কারো ক্ষতি করা নয়। প্রস্তুতকারীদের অবৈধ সুবিধা দেওয়া নয়, মানুষের স্বাস্থ্য যাতে ঠিক থাকে, মানুষের যাতে ক্ষতি না হয়। অনেক ধরনের ভেজাল কসমেটিকস ও ওষুধ তৈরি হচ্ছে। যেগুলো মুখে লাগানো হয় এবং বিভিন্নভাবে ব্যবহার করা হয়। এই কসমেটিকস ব্যবহারের কারণে মানুষের স্কিন ক্যানসার হচ্ছে, লিভার, কিডনি ফেইল হচ্ছে, অনেক ধরনের সমস্যা হচ্ছে।
তিনি আরও বলেন, দোকানে আমরা যাবো না। তাদের ম্যানুফ্যাকচারিং প্রসেসটা আমরা দেখবো, ইমপোর্ট, এক্সপোর্ট প্রসেসটা দেখবো। কিন্তু কোন দোকানে দেবে এই বিষয়গুলো আমরা দেখবো না। সর্বোপরি আমরা কসমেটিকস পরিক্ষা-নিরীক্ষা করবো।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD