
বাহুবল প্রতিনিধি : বাহুবল উপজেলায় চা বাগান থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর আগুনে পোড়া লাশ উদ্ধার করা হয়েছে; হত্যার পর গুম করার উদ্দেশ্যে পোড়ানো হতে পারে বলে পুলিশের ধারণা। গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামাইছড়া চা বাগান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান জানান।
সকালে চা বাগানে ওই নারীর আগুনে পোড়া বিভৎস মরদেহ দেখতে পান স্থানীয়রা। তারা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে অন্য কোথাও হত্যার পর এখানে গুম করার উদ্দেশ্যে হয়তো পুড়িয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার আবুল খায়েরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Designed by: Sylhet Host BD